চাঁপাইনবাবগঞ্জের সাত জঙ্গি তিন দিনের রিমান্ডে

 
চাঁপাইনবাবগঞ্জের নাচোল, শিবগঞ্জ ও সদর উপজেলা থেকে গ্রেফতার করা সাত জঙ্গিকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে পুলিশের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এই রিমান্ড মঞ্জুর করেন।
 
পুলিশের বিশেষ অভিযানে ১২৫ এমএল এর ৪২০টি টিউবে সাড়ে ৫২কেজি এক্সপ্লোসিভ পাওয়ার জেল, সাড়ে চার কেজি গান পাউডার ও ২২টি জিহাদি বইসহ তাদেরকে গ্রেফতার করা হয়। নাচোল থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা ফাছির উদ্দিন জানান, গ্রেফতার হওয়া জঙ্গিদের পেছনের মুলহোতাদের চিহ্নিত করতে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম, আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। বর্তমানে আসামিরা পুলিশের হেফাজতে রয়েছেন।
 
গ্রেফতার হওয়া সাত জঙ্গি হলেন, নাচোল উপজেলার গুঠইল গ্রামের মৃত তাইফুর রহমানের ছেলে হারুন অর রশিদ (২৫), মো মোস্তফার ছেলে কামাল উদ্দীন ওরফে সরকার (৩২), বেড়াচকি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে নাসিম রেজা ওরফে শাহিন (২০), শ্রীরামপুর গ্রামের কেতাবুল ইসলামের ছেলে মো. ফিরোজকে (২২), শিবগঞ্জ উপজেলার শিবনগর কাইঠাপাড়া গ্রামের এসলামের ছেলে মো. বাবু (২২), রাঘবপুর গ্রামের মৃত নেশ মোহাম্মদের ছেলে আজিজুল হক (৩৮) ও সদর উপজেলার দেবীনগর ফাটাপাড়া গ্রামের মো. গুটুর ছেলে আব্দুল হাকিম (২০)।
 
গত বুধবার রাত থেকে চলা দুই দিনের পুলিশের বিশেষ অভিযানে সাত জঙ্গি গ্রেফতারের বিষয়টি গত ১২ মে শুক্রবার বিকালে সংবাদ সম্মেলনে জানান পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। সেদিনই সন্ধ্যায় আসামিদের আদালতে উপস্থাপন করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
 
ইত্তেফাক/জামান