দেশের ৬৮টি কারাগারে ৭৩ হাজার কারাবন্দির মধ্যে ৭৪ শতাংশই বিভিন্ন মামলায় শুনানির অপেক্ষায় রয়েছেন। মঙ্গলবার রাজধানীর খিলক্ষেতের হোটেল লা মেরিডিয়ানে প্রথমবারের মতো তিন দিনব্যাপী এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জ্যেষ্ঠ কারা কর্মকর্তাদের ‘কারাগারের অভ্যন্তরে নিরাপত্তা এবং মানবিক চাহিদার ভারসাম্য’ শীর্ষক সম্মেলনে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব। এতে ১৪টি দেশের ২৮জন জ্যেষ্ঠ কারা কর্মকর্তা অংশগ্রহণ করছেন। আন্তর্জতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ও বাংলাদেশ কারা অধিদফতর যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করছে।
সম্মেলনে বাংলাদেশ, কম্বোডিয়া, চীন, ফিজি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মিয়ানমার, পাকিস্তান, পাপুয়া নিউগিনি, ফিলিপাইন, শ্রীলংকা, থাইল্যান্ড এবং ভানুয়াতু অংশগ্রহণ করছে। সকাল সাড়ে নয়টায় সম্মেলন উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কারা নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা আগের চেয়ে জোরদার ও উন্নত হয়েছে। বাংলাদেশে কারাবন্দির শ্রেণি বিন্যাসের ব্যবস্থা না থাকলেও অন্য অনেক দেশের চেয়ে এ দেশের কারাগার ব্যবস্থপনা অনেক উন্নত- এ কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রেণি বিন্যাসের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
ইত্তেফাক/পাভেল