অগ্নি দুর্ঘটনা থেকে নিরাপদ থাকবে গ্রিনসিটি: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন আবাসিক প্রকল্প গ্রিনসিটিতে বহুতল ভবনে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 

বুধবার গণপূর্ত বিভাগ পাবনার আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইতি রানী পোদ্দারের সভাপতিত্বে বহুতল ভবনের ফায়ার সেফটি এবং ফায়ার ডিটেকশন এন্ড প্রটেকশন শীর্ষক মতবিনিময় সভায় মন্ত্রী কথা গুলো বলেন।

সভায় প্রধান অতিথি আরও বলেন, সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রিনসিটি নিয়ে নতুন করে ভাবনার কারণেই এই আয়োজন। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে তিনি বলেন, এখানে এমন ব্যবস্থা রাখতে হবে যা দৃষ্টান্তমূলক ও অনুকরণীয় হবে। 

সভায় প্রকল্প পরিচালক ড. সৌকত আকবর, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোং লি: এর উপদেষ্টা মনিরুল ইসলাম, পরমাণু শক্তি কমিশনের সদস্য ডা. সানোয়ার হোসেন, গণপূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, নির্বাহী প্রকৌশলী মাসুদুল আলম, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস, ফায়ার ডিফেন্স সার্ভিসের সহকারী পরিচালক সাইফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সভায় ফায়ার সেফটির সামগ্রিক দায়িত্ব গণপূর্ত বিভাগের উপর ন্যস্ত করা হয়। নির্মাণাধীন ২০টি বহুতল ভবনের প্রতিটিতে দুইজন করে ফায়ার ম্যান নিয়োগসহ সার্বক্ষণিক ফায়ার ফাইটিং টিম গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রয়োজনীয় সকল প্রকার ফায়ার ইকুইপমেন্টের রাখার ব্যবস্থা এবং প্রশিক্ষণের জন্য ফায়ার ডিফেন্স বিভাগের উপর দায়িত্ব প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরো পড়ুন: বিয়ে করতে প্রস্তুত সোনাক্ষী, পাচ্ছেন না পাত্র

এর আগে প্রকল্পের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে মন্ত্রী ইয়াফেস ওসমান নিজে টিটেনাস ভ্যাকসিন গ্রহণ করে ‘টিকাদান কর্মসূচি’র উদ্বোধন করেন। প্রকল্পে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে ড. সৌকত আকবর জানিয়েছেন। এ সময় তিন শতাধিক কর্মকর্তা ও কর্মচারীদের টিকা প্রদান করা হয়। 

ইত্তেফাক/অনি