প্রথমবারের মতো চলচ্চিত্রের প্লেব্যাকে সঞ্জয়

বৈশাখেই তার সুরে কণ্ঠশিল্পীর ইলিয়াসের গাওয়া ‘নীল নয়ন’ শিরোনামে অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক থেকে একক ট্র্যাক প্রকাশিত হয়। এবার নিজের সুরেই চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন সঞ্জয় কুমার। রবিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজার এলাকার ফোকাস স্টুডিওতে কণ্ঠধারণ করা হয়।
 
জানা গেছে, স্যামুয়েল রনোর পরিচালনায় নির্মিতব্য ‘আহত পাখির ডানা’ চলচ্চিত্রের একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। ‘তোমার খোঁপায় এঁটো ফুল, আমার একটুখানি ভুল’ শিরোনামের এই গানের সঙ্গীত আয়োজন করেছেন আহমেদ হুমায়ূন। গানটি লিখেছেন মাহতাব হোসেন। 
 
এ প্রসঙ্গে পরিচালক স্যামুয়েল রনো জানান, একটি হৃদয় বিদারক গল্পের ওপর নির্মিত হচ্ছে  ‘আহত পাখির ডানা।’ কাহিনির প্রয়োজনেই এমন একটি গান করা হয়েছে। গানের সুর সঞ্জয়ের হলেও কণ্ঠও সঞ্জয়েরই দাবি করছিল। এরই প্রেক্ষিতে গানের কাজ শুরু করা হয়। রনো বলেন, ‘ইতোমধ্যে ছবির ৩০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এখন গানের কাজ করছি, এ মাসের শেষের দিকে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি এলাকায় দৃশ্যধারণ করা হবে।’
 
আহত পাখির ডানায় প্রধান চরিত্রে অভিনয় করছেন বাপ্পীরাজ, ঈশানা, গাজী রাকায়েত, মনিরা মিঠু প্রমূখ।
 
ইত্তেফাক/ইএইচএম