গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ধান বোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কমলাপুর আগারী ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাতক্ষীরা জেলার চেচুয়া গ্রামের আব্বাস শেখের ছেলে হাসান ( ২৩) ও মৃত আফসার সরদার এর ছেলে ইবাদুল (৩০)। এ সময় আরো ১৭জন শ্রমিক আহত হন।
পুলিশ ও এলাকাবাসি জানায়, মুকসুদপুর উপজেলা কাশালিয়া ইউনিয়নে কাজ শেষে পারিশ্রমিকের ধান নিয়ে সাতক্ষীরা যাওয়ার সময় ওই ব্রিজের পাশে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে রাস্তার খাদে পড়ে গেলে চাঁপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন।
এ সময় সাথে থাকা আরো ১৭ শ্রমিক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মুকসুদপুর থানার ওসি জাফর মিয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জামান