প্রশিক্ষণ বিমান থেকে পড়লো 'ডেমো বোমা'

 
কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া বেড়িবাঁধ পয়েন্টে বিমান বাহিনীর উড়ন্ত একটি প্রশিক্ষণ বিমান থেকে ছিটকে পড়া ডেমো বোমা (নকল যন্ত্রাংশ) উদ্ধার করেছে পুলিশ।
 
মঙ্গলবার বেলা ৩টার দিকে বিমান থেকে যন্ত্রাংশটি খুলে পড়ে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের চকরিয়া সার্কেলের ( চকরিয়া ও পেকুয়া ) এএসপি কাজী মতিউল ইসলাম।
 
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার বেলা ৩টার দিকে বিমান বাহিনীর উড়ন্ত একটি প্রশিক্ষণ বিমান পেকুয়ার আকাশ দিয়ে উড়ে যায়। হঠাৎ উড়ন্ত বিমান থেকে যন্ত্রাংশটি খুলে পড়ে উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া বেড়িবাঁধ পয়েন্টে বেড়িবাঁধে পড়ে যায়।
 
ঘটনার পরপরই স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়। স্থানীয় পুলিশ সহ নৌ-বাহিনী ও বিভিন্ন সংস্থার লোকজন ঘটনা স্থলে পৌঁছেন। এ বিষয়ে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনজুর কাদের মজুমদার বলেন, বিমান বাহিনীর উড়ন্ত একটি প্রশিক্ষণ বিমান থেকে কিছু ডেমো (নকল) যন্ত্রাংশ খুলে মাটিতে পড়ে গেছে।
 
ইত্তেফাক/জামান