কোমলমতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণ হলো। শিবালয়ে প্রাথমিক বিদ্যালয়ের কয়েক ছাত্র আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে কলা গাছ ও কাগজ দিয়ে শহীদ মিনার বানিয়ে পুস্পস্তবক অর্পণ করছে- এমন দৃশ্য ফেসবুকে দেয়ার পর মানিকগঞ্জ পুলিশ সুপারের নজরে পড়ে বিষয়টি। তার পর দ্রুত দৃশ্যপট বদলাতে থাকে।
প্রায় ৪ মাসের মাথায় গতকাল মঙ্গলবার মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান বিপিএম নব-নির্মিত শহীদ মিনার উদ্বোধনে এলে শিক্ষার্থীরা উল্লাস-উচ্ছাসে ফেটে পড়ে।
গত ২১ ফেব্রুয়ারির পর পুলিশ সুপার মাহ্ফুজুর এ দু’বিদ্যালয়ের বাস্তব অবস্থা জানতে শিবালয় থানার ওসি মনিরুল ইসলামকে নির্দেশ দেন। ওসির কাছ থেকে তথ্য পাওয়ার পর পুলিশ সুপার ঐ দু’টি বিদ্যালয়ে সুদৃশ্য শহীদ মিনার নির্মানের পদক্ষেপ গ্রহণ করেন।
ছোট আনুলিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ রায়হান আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকির হাসান, শিবালয় সার্কেল এএসপি জেডএম জাকির হোসেন, ওসি মনিরুল ইসলাম, শিবালয় উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস বিএ, প্রেসক্লাব সভাপতি বাবুল আকতার মঞ্জুর, কমিউনিটিং পুলিশিং ফোরাম সভাপতি এআর মাসুদ উদ্দিন পিন্টু, সহকারী শিক্ষা অফিসার এলিসা আফরিন খানম, মডেল ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল, প্রধান শিক্ষক আলেয়া ফেরদৌসী প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া, নালী বড়রিয়া কেসি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কমিউনিটি পুলিশিং ফোরামের সমাবেশে পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান বিপিএম প্রধান অতিথির বক্তব্য রাখেন।
আরুয়া ইউপি চেয়ারম্যান আকতারুজ্জামান খান মাসুমের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকবর, পুলিশিং ফোরাম জেলা সভাপতি বশির আহম্মেদ মজুমদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা ফোরাম সম্পাদক মোবারক হোসেন খান পান্নু, প্রধান শিক্ষক মোন্তাজ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।