নালিতাবাড়ী পৌর শহরের চকপাড়া এলাকায় নালিতাবাড়ী-হালুয়াঘাট সড়কে ৩৩ হাজার কেভি বিদ্যুত্ লাইনের দুটি খুঁটি দেড় মাস যাবত্ হেলে আছে। যে কোনো সময় খুঁটি দুটি পড়ে যেতে পারে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
আবাসিক প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, শেরপুরের গাজিরখামার বিদ্যুতের উপকেন্দ্র থেকে গত ডিসেম্বর মাসে নালিতাবাড়ী হয়ে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ২৯ কি.মি. ৩৩ হাজার কেভি বিদ্যুতের সঞ্চালন লাইন টানা হয়েছে। এপ্রিলের প্রথম সপ্তাহের টানা বর্ষণ আর ঝড়ো হাওয়ায় পৌর শহরের চকপাড়া এলাকায় দুটি খুঁটি হেলে পড়ে। ওই খুঁটির নিচ থেকে বিভিন্ন বাসাবাড়িতে বিদ্যুতের লাইন গেছে। দ্রুত ব্যবস্থা নিতে এলাকাবাসী দাবি জানিয়েছেন।
নালিতাবাড়ী উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুত্) মো. সোহরাব আলী বলেন, বিষয়টি হালুয়াঘাট উপজেলা আবাসিক প্রকৌশলীকে জানানো হয়েছে। তারা দ্রুত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন।
ইত্তেফাক/নূহু