ধুনটে প্রাইভেটকার ও বন্দুকসহ গ্রেফতার ৩

 
বগুড়ার ব্যার-১২ সদস্যরা ধুনট উপজেলায় অভিযান চালিয়ে প্রাইভেট কার ও বন্দুকসহ (ইয়ারগান) তিন যুবককে গ্রেফতার করে থানায় সোপার্দ করেছে। বুধবার দুপুর ১টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। 
 
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ধুনট-সোনাহাটা পাকা সড়কের কান্তনগর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃতরা হলেন, ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার মাহবুবুল আলমের ছেলে প্রাইভেট কারের চালক আতিকুল হাসান মটু (৩৬), ধুনট সদরের কুঠিবাড়ি গ্রামের হরফ আলীর ছেলে ছনি মণ্ডল (৩২) ও এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি গ্রামের নুরুল ইসলামের ছেলে বালু ব্যবসায়ী রবিউল হাসান উৎসব (৩৫)।
 
থানায় আটক রবিউল হাসান উৎসব বলেন, ‘বিলচাপড়ি গ্রামে আমার বাড়িতে রাতের খাবার খেয়ে তিন বন্ধু প্রাইভেট কারযোগে ধুনট শহরের দিকে আসতে ছিলাম। এ সময় র‌্যাব সদস্যরা সন্দেহজনক ভাবে পথিমধ্য থেকে আমাদের আটক করে থানায় সোপার্দ করেছে।’ প্রাইভেটকারের ভেতর রাখা ইয়ারগানটি পাখি শিকারের জন্য ব্যবহার করা হতো বলে তিনি জানান। 
 
ধুনট থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত তিন যুবক প্রাইভেটকার নিয়ে মঙ্গলবার গভীর রাতে ধুনট-সোনাহাটা পাকা সড়কে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে ছিলেন। 
 
গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে কান্তনগর বাজার এলাকা থেকে তাদের আটক করেছে। এসময় তাদের কাছ থেকে একটি ইয়ারগান জব্দ করেছেন র‌্যাব সদস্যরা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে তেমন কোন তথ্য পাওয়া যায়নি। তাই ৫৪ ধারায় তাদের কারাগারে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/কেকে