কুর্দিদের সঙ্গে মার্কিন আঁতাত মেনে নেব না: এরদোয়ান

সিরিয়ায় ইসলামিক স্টেটের বিরুদ্ধে যুদ্ধের জন্য কুর্দিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের আঁতাত মেনে না নেয়ার কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। ওয়াশিংটন সফররত এরদোয়ান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এ ইঙ্গিত দিয়েছেন।
 
তিনি বলেন, ‘আমাদের অঞ্চলে কোন সন্ত্রাসী সংগঠনের স্থান ভবিষ্যতে থাকবে না।’
 
গত সপ্তাহে আমেরিকা সিদ্ধান্ত নেয় যে, সিরিয়ার ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করার জন্য কুর্দিদের অস্ত্র দিয়ে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদনও করেছেন। সে প্রেক্ষাপটে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বিষয়টি নিয়ে তার অসন্তোষের কথা জানালেন। কিন্তু তারপরেও উভয় নেতা দু'দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন।
 
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমাদের বেশ চমৎকার সম্পর্ক আছে এবং ভবিষ্যতেও সেটি থাকবে।’
 
কুর্দিদের সংগঠন কার্ডিশ পিপলস প্রোটেকশন ইউনিটকে তুরস্ক একটি সন্ত্রাসী সংগঠন বলে মনে করে। তারা সিরিয়ায় আরো ভূমি দখল করুক সে বিষয়টি চায় না তুরস্ক। এরদোয়ান বলেন কুর্দিদের সংগঠনগুলোকে মিত্র হিসেবে নেবার যে চেষ্টা আমেরিকা করছে সেটি কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
 
প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় এরদোয়ান আমেরিকায় বসবাসরত তুরস্কের একজন ধর্মীয় নেতা ফেতুল্লা গুলেনের বিষয়টি তুলে ধরেন। এরদোয়ান মনে করেন গত বছরের জুলাই মাসে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জন্য গুলেন দায়ী। তাকে তুরস্কের হাতে তুলে দেবার জানিয়ে আসছেন তিনি। যদিও গুলেন বরাবরই তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করছেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু