ইন্দোনেশিয়ায় সমকামিতার দায়ে দুই ব্যক্তিকে প্রকাশ্যে ৮৫ বেত্রাঘাতের নির্দেশ দিয়েছে আচেহ প্রদেশের শরীয়াহ আদালত। ২০১৪ সালে পাশ হওয়া এই আইন প্রথমবারের মতো ইন্দোনেশিয়ায় প্রয়োগ করা হল।
প্রধান বিচারক খাইরিল জামালের বিবৃতিতে বলা হয়, বিবাদীদের সমকামিতার অভিযোগ প্রমাণিত এবং তারা অপরাধী। ইন্দোনেশিয়ায় আচেহ একমাত্র প্রদেশ যেখানে শরীয়াহ আইনে ফৌজদারি বিচার ব্যবস্থা প্রচলিত।
অভিযুক্ত ব্যক্তিদের সমকামিতায় জড়িত থাকার অভিযোগে গত মার্চে ‘ধর্ম পুলিশের’ হাতে তুলে দেয়া হয়। হিউম্যান রাইটস ওয়াচ এর তীব্র প্রতিবাদ জানিয়েছে। তাদের বিবৃতি বলা হয়, এই রায়ে ইন্দোনেশিয়ার সমকামী কমিউনিটির মধ্যে ভীতি বৃদ্ধি পাবে, বিশেষ করে যেসব প্রদেশে রক্ষণশীলতা বেশি।
২০১৪ সালে পাস হওয়া আচেহ প্রদেশের আইনানুযায়ী সমকামিতার শাস্তি ১০০ বেত্রাঘাত, ১০০ দিনের কারাদণ্ড বা ১ হাজার গ্রাম স্বর্ণ জরিমানা। এই আইনে অবিবাহিত নারী-পুরুষের মধ্যে প্রেম, দৈহিক সম্পর্ক ও অপরিণত বয়সে যৌন সম্পর্ক নিষিদ্ধ ও শাস্তির ব্যবস্থা করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য যে ২০১৬ সালে এই আইনে ৩৩৯ জনকে আটক করে কর্তৃপক্ষ।
আচেহ প্রদেশের ধর্ম পুলিশ হিজাব ছাড়া ও আটসাটো পোশাক পরিহিত নারী ও মদ ও জুয়া খেলা ব্যক্তিদেরও আটক করেছে। গত অক্টোবরে প্রকাশ্যে আলিঙ্গন করায় দুই নারীকে সমকামিতার অভিযোগে আটক করা হয়। তাদের ‘পুনর্বাসন’ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে বলে গণমাধ্যমের খবরে বলা হয়।
ইত্তেফাক/সাব্বির