শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র মোস্তাইন রাজ্জাক মামুনের (২২) রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলার রেল লাইনের পাশের ডোবা থেকে আহত অবস্থায় মামুনকে উদ্ধার করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা মামুনকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, মামুনের বাবা আব্দুর রাজ্জাক সিলেট নগরীর বেসরকারি মেডিকেল কলেজ নর্থ ইস্টের চিকিৎসক ও তার মা হুসনে আরা বেগম কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ বিশেষজ্ঞ। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জের জাওয়াবাজার এলাকায়। তিনি সিলেট নগরীর রিকাবীবাজার এলাকায় বাবা-মার সঙ্গে বাস করতেন।
পরিবারের সদস্যদের দাবি, গত মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি মামুন। সিলেট রেলওয়ে থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার কালাকাঠি এলাকার রেল লাইনের পাশের ডোবা থেকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, মামুন ট্রেন থেকে পড়ে গেছে, না কেউ তাকে ফেলে দিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/জামান