নানবিধ ঝামেলায় আটকে থাকা‘রংবাজ’ ছবির শুটিং এর কাজ আবার শুরু হয়েছে। চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে নিষিদ্ধ হওয়ায় ছবির পরিচালক হিসেবে বাদ পড়েছেন শামীম আহমেদ রনী। তার বদলে ছবিটি এখন নির্মাণ করছেন আবদুল মান্নান গাজীপুরী।
বুধবার চলচ্চিত্র পরিচালক সমিতির কার্যকরী পরিষদের এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বড় ধরণের লোকসান থেকে বাঁচতে ১৫ মে ছবির বাকি কাজ শেষ করার জন্য মান্নান গাজীপুরীর নাম উল্লেখ করে পরিচালক সমিতি বরাবর আবেদন করেন ছবির প্রযোজক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অনুমতি দেয় চলচ্চিত্র পরিচালক সমিতি।
পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার এই প্রসঙ্গে বলেন, আমাদের কাছে মান্নান গাজীপুরীকে দিয়ে কাজ শেষ করার অনুমতি চেয়ে একটি আবেদন করেছিলেন ছবির প্রযোজক হাজী আব্দুল বারেক। কার্যকরী পরিষদের মিটিংয়ে সবার সম্মতিক্রমে অনুমতি দেওয়া হয়েছে। সেই অনুমতির চিঠি প্রযোজক বরাবর পাঠিয়েও দিয়েছি আমরা।
ইত্তেফাক/রেজা