মুক্তি পেলেন উইকিলিকসের কাছে তথ্য ফাঁস করা চেলসি ম্যানিং

উইকিলিকসের কাছে হাজারো কূটনৈতিক ও সামরিক নথি ফাঁস করা মার্কিন সেনা চেলসি ম্যানিং মুক্তি পেয়েছেন। বুধবার বিবিসিকে মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র নিশ্চিত করেছেন যেন ম্যানিং কানসাসের লিভেনওয়র্থ সামরিক কারাগার ছেড়ে গেছেন
 
রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ফাঁসের দায়ে ২০১৩ সালে তাকে ৩৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে বারাক ওবামা তার ম্যানিংয়ের বেশিরভাগ শাস্তি মওকুফ করে গেছেন। ২৯ বছর বয়সী চেলসি মার্কিন সেনাবাহিনীতে ব্র্যাডলি ম্যানিং বা পুরুষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে জেন্ডার ডিসফোরিয়ায় ভোগা ব্র্যাডলি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির মাধ্যমে নারীতে পরিণত হন।
 
মুক্তির আগে গত সপ্তাহে দেয়া এক বিবৃতিতে বলেন, প্রথমবারের মত আমি চেলসি হিসেবে আমার ভবিষ্যত দেখছি।
 
ম্যানিংয়ের বিরুদ্ধে গুপ্তরচরবৃত্তিসহ ২০টি অভিযোগ ছিল। তাকে শত্রুকে সহায়তার অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়। ম্যানিংয়ের দাবি, মার্কিন সামরিক ও পররাষ্ট্রনীতির বিষয়ে জনপরিসরে আলোচনা শুরু করতে চেয়েছিলেন। কিন্তু পরবর্তীতে জন্মভূমিকে আহত করার কথা স্বীকার করে বলেন, তিনি ভেবেছিলেন বিশ্বে একটি ইতিবাচক পরিবর্তনের কথা ভেবেছিলেন।
 
ম্যানিং ইরাকে গোয়েন্দা বাহিনীর অ্যানালিস্ট হিসেবে নিয়োজিত ছিলেন। সেখান থেকেই ২০০৭ সালে হেলিকপ্টার থেকে ১২ বেসামরিক নাগরিক হত্যার ভিডিওসহ মার্কিন কূটনীতিকদের মধ্যে বিনিময় হওয়া সংবেদনশীল বার্তা প্রকাশ করেন। ম্যানিংকে ক্ষমা করার ওবামার সিদ্ধান্ত রিপাবলিকানরা ব্যাপক সমালোচনা করেছেন। সামরিক কারাগারে দুইবার আত্মহত্যার চেষ্টা করেন। লিঙ্গ পরিবর্তনের চিকিৎসা প্রদানের জন্য অনশন করেছিলেন তিনি। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির