ইবিতে কর্মঘণ্টা বৃদ্ধি করা হয়েছে

 
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ২৩৪ তম সিন্ডিকেট সভায় কর্মঘণ্টা বৃদ্ধি সহ ১৩৫টি সিদ্ধান্ত আলোচিত হয়েছে। বুধবার বেলা ১২টা থেকে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারীরে বাস ভবনে দিনব্যাপী এ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।
 
বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কর্মকাণ্ডকে বেগবান করতে বর্তমান প্রশাসন নানামুখী সিদ্ধান্ত গ্রহণ করেছে। সভায় ক্যাম্পাসের বর্তমান সময় ৮টা থেকে ২টার পরিবর্তে ৯টা থেকে সাড়ে ৪টা করা হয়েছে। একই সাথে শুক্রবার ও বৃহস্পতিবার ছুটির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।'
 
বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে সেমিস্টার পদ্ধতি চালু এবং পিএইচডির রিভিউ নীতিমালা চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের সকল টেন্ডার ই-টেন্ডার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অগ্রণী ব্যাংক থেকে ১০০ কোটি টাকা ঋণ গ্রহণের সিদ্ধান্তও নেয়া হয়েছে।
 
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দুপাশ দিয়ে ৯৯টি দোকান করা হবে। এছাড়াও সিন্ডিকেট সভায় সাতজনকে পিএইচডি ডিগ্রী এবং ৯জনকে এমফিল ডিগ্রীর অনুমোদন দেয়া হয়েছে। গৃহীত সকল সিদ্ধান্ত ঈদুল ফিতরের ছুটির পর থেকে কার্যকর হবে।
 
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, 'ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় করার জন্য বর্তমান প্রশাসন কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদেরকে গুণগত মান সম্পন্ন বিশ্ববিদ্যালয়ের প্রচলিত অর্ডিন্যান্সে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।'
 
ইত্তেফাক/জামান