'নারায়ণগঞ্জ হতে পারে বসবাসের সেকেন্ড হোম'

 
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, 'মালয়েশিয়ায় যদি মানুষ ফাস্ট হোম তৈরি করে তাহলে সেকেন্ড হোম হিসেবে নারায়ণগঞ্জকে বেছে নিতে পারে মানুষ। কারণ, শিল্পসমৃদ্ধ, ঐতিহ্যবাহী স্থাপনা, সংস্কৃতিমনার কারণে এ জেলা অনায়াসেই মানুষের বসবাসের সেকেন্ড হোম হতে পারে।'
 
বুধবার দুপুরে শহরের কালীরবাজার পুরানকোর্ট এলাকায় নব নির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে নারায়ণগঞ্জ ক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সংস্কৃতিমন্ত্রী।
 
আসাদুজ্জামান নূর আরো বলেন, 'বর্তমানে বাংলাদেশের দারিদ্রসীমা অনেকাংশে কমেছে। গোটা দেশে সেবার মান বেড়েছে। বিশ্বের কাছে বাংলাদেশের উন্নয়নের জয়গান শোনা যাচ্ছে। ২০২১ থেকে ২০৪০ সালের মধ্যে একটি উন্নয়নশীল রাষ্ট্রে আমরা পরিণত হবো।' তিনি বলেন, 'আমরা সকলেই একটি উন্নয়নশীল দেশ গড়ার চেষ্টা করছি। আমাদের দেশের প্রত্যেকটি জেলা একটি করে শিল্পকলা একাডেমি রয়েছে। পাশাপাশি সারাদেশের উপজেলা গুলোতেও শিল্পকলা একাডেমি গড়ে তোলা হবে।'
 
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে ও জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দা সাহিদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ একেএম শামীম ওসমান, সংরক্ষিত আসনের নারী সাংসদ অ্যাড. হোসনে আরা বাবলী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মঈনুল হক প্রমুখ। তাছাড়া এ সময় বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান