সিলেটের বালাগঞ্জে সাফিয়া বেগম (২৭) নামে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১২টার দিকে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের জনকল্যাণ বাজারের কাছ থেকে তার লাশ উদ্ধার হয়েছে।
লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষণের শিকার নিহত গৃহবধূর সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী বালাগঞ্জ থানার এসআই সাদিকুর রহমান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থান দিয়ে রক্ত ঝরছিল। ধারণা করা হচ্ছে- তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে যায়।
সাফিয়া বেগম উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের গোয়াসপুর লামাপাড়া গ্রামের খাছিম উল্লার মেয়ে। তিনি কলুমা গ্রামের পংকি মিয়ার স্ত্রী এবং তাদের ঘরে চার সন্তান আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
নিহত সাফিয়ার পিতা খাছিম উল্লাহ জানান, 'মঙ্গলবার সন্ধ্যার দিকে সাফিয়া তার শিশুদের জন্য খাবার আনতে বাজারে যায়। রাতে বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মিলেনি। বুধবার সকালে তার লাশ দেখতে পেয়ে স্থানীরা আমাকে খবর দেন। যারা নির্মম ভাবে আমার মেয়েকে হত্যা করেছে আমি তাদের বিচার চাই।'
ইত্তেফাক/জামান