বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ১৩৮ জন চিকিৎসক দায়িত্ব ফিরে পাবেন কিনা সেই বিষয়ে রবিবার রায় দেবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নিয়োগ অবৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে এসব চিকিৎসকদের পৃথক পাঁচটি আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ বুধবার রায়ের জন্য এই দিন ধার্য করে দেন।
আদালতে চিকিৎসকদের পক্ষে সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন, এম আমীর-উল ইসলাম ও কামরুল হক সিদ্দিকী এবং বিএসএমএমইউর পক্ষে আইনজীবী মাহবুবে আলম ও তানজিব উল আলম শুনানি করেন।
২০০৫ সালের ১৮ অক্টোবর চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তির আওতায় ২০০৬ সালের জানুয়ারি পর্যন্ত কয়েকশত চিকিৎসককে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান।
২০১০ সালের ১৪ ডিসেম্বর হাইকোর্ট ওই নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করে রায় দেয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে চিকিৎসকদের লিভ টু আপিল গত বছরের ২২ ফেব্রুয়ারি খারিজ করে আপিল বিভাগ। ওই খারিজ আদেশ পুনর্বিবেচনা চেয়ে ১১০ জন চিকিৎসক আপিল বিভাগে রিভিউ আবেদন করেন। গত বছরের ৪ সেপ্টেম্বর আপিল বিভাগ রিভিউ পিটিশন গ্রহণ করে আপিল করার অনুমতি দেয়। এরপর ১৩৮ জন চিকিৎসক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক পাঁচটি আপিল দায়ের করেন। ওই আপিলসূমহের ওপর দীর্ঘ শুনানি অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/এমআই