ডামুড্যায় একটি ব্রিজের জন্য হাজারো মানুষ দুর্ভোগে

দারুল আমান পূর্ব ডামুড্যা গ্রামের সংযোগ খালে একটি ব্রিজের জন্য চার গ্রামের হাজারো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। চলাচল বন্ধ রয়েছে মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন। উপজেলার দারুল আমান পূর্ব ডামুড্যা ইউনিয়নের গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দীর্ঘ কয়েক বছর যাবত্ ভগ্নদশায় পড়ে থাকলেও ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সেদিকে নজর নেই। যে কারণে পার্শ্ববর্তী ডামুড্যা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে বাধ্য হচ্ছে। এমনকি অনেকে এই কারণে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে। ছোট ছোট ছেলে-মেয়েরা অভিভাবকের কোলে চড়ে এই সাঁকো পার হয়ে বিদ্যালয়ে আসছে। তদারকির অভাবে বাঁশের সাঁকোটি ভেঙে পড়েছে। স্থানীয় জনগণ অবশিষ্ট অংশে বাঁশের খুঁটি দিয়ে কোনোমতে চলাচল করে আসছে। এই সাঁকোর দুই পাড়ে রয়েছে ঐতিহ্যবাহি পূর্ব মাদারীপুর কলেজ ও কামিল মাদ্রাসাসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু ব্রিজের অভাবে সবাইকে পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ।

এ ব্যাপারে পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুদ পারভেজ লিটন ও দারুল আমান ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন খান বলেন, বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। আশাকরি, অনতিবিলম্বে ব্রিজটি পুনঃনির্মাণ হবে।

ইত্তেফাক/নূহু