নেত্রকোনার মগড়া সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় দুর্ভোগ

নেত্রকোনা জেলা সদরের সঙ্গে ঢাকা, ময়মনসিংহ এবং সুনামগঞ্জসহ সারা দেশের সড়ক পথে যোগাযোগ রক্ষাকারী মগড়া সেতুর নির্মাণ কাজ গত দুই বছরেও শেষ হয়নি। এতে জনসাধারণ পড়েছেন চরম দুর্ভোগে। অপরদিকে যথাসময়ে নির্মিত না হওয়ায় সেতুর দক্ষিণ দিকের সড়কের একাংশ ভেঙে গেছে। আর কিছু অংশ ভেঙে গেলে ঢাকার সঙ্গে জেলা শহরের সড়ক পথের যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

১৯৬৫ সালে নেত্রকোনার মগড়া নদীর উপর প্রথম মগড়া সেতু নির্মাণ করা হয়। কিন্তু গত ৮/১০ বছর যাবত্ পাকা সেতুর চলাচল অংশ কয়েকবার ভেঙে পড়ে। কয়েক বছরে সেতুর ছয়/সাতটি স্থানে ভাঙন এবং ফাটল দেখা দেয়। সেতুর উপর দিয়ে যানবাহনসহ জনসাধারণের চলাচল হুমকিতে পড়ে। এ অবস্থায় জনগণের দাবির মুখে সড়ক ও জনপথ বিভাগ নতুন করে সেতু নির্মাণের জন্য প্রকল্প হাতে নেয়। সাড়ে ৯ কোটি টাকা বরাদ্দ করা হয়। ২০১৬ সালে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। এর জন্য বিকল্প বেইলী সেতু নির্মাণ করা হয়। কিন্তু ঠিকাদারের গাফিলতির কারণে গত বছর মূল সেতুর নির্মাণ কাজ শুরু করেনি। পুনরায় এ বছর কাজ শুরু করা হলেও যথাসময়ে শুরু না করায় নদীতে আগাম পানি এসে যাওয়ায় কাজ বন্ধ হয়ে যায়। কাজের শর্ত অনুযায়ী চলতি বছরের জুন মাসের মধ্যে কাজ শেষ করার কথা ছিল।

এদিকে নির্মাণ কাজের জন্য সেতুর উভয় দিক খনন করায় সড়কের দুইদিকও এখন ভেঙে পড়েছে। এভাবে চলতে থাকলে ভাঙন ভয়াবহ আকার ধারণ করে সড়ক পথে সকল প্রকার যোগাযোগ বন্ধ হয়ে যাবে।

নেত্রকোনা জেলা নির্বাহী প্রকৌশলী জানান, নদীতে পানি এসে যাওয়ায় এই বর্ষায় আর সেতুর কাজ করা সম্ভব হবে না। তবে নদীর পানি কমার সঙ্গে সঙ্গে কাজ শুরু করা হবে এবং দ্রুত নির্মাণ কাজ শেষ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

ইত্তেফাক/নূহু