ফুটবল মাথায় নিয়ে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে বিশ্বের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন মাগুরার নিভৃত পল্লী সীমাখালির ফুটবল জাদুকর আব্দুল হালিম। কিন্তু আজও সরকারের পক্ষ থেকে তার জোটেনি কোনো স্বীকৃতি। তাইতো সংসার চালাতে এখনো তাকে ছুটতে হয় দেশের এ প্রান্ত থেকে আরেক প্রান্তে। ফুটবল নিয়ে কসরত দেখিয়েই চলে তার অভাবের সংসার।
দীর্ঘ বছরের অনুশীলনে ফুটবলকে যেন তিনি যা বলেন তাই শোনে। একটি ফুটবল মাথায় নিয়ে তিনি বলতে গেলে সংসারের সব কাজই করতে পারেন। ফুটবল মাথায় নিয়ে সাঁতার কাটা, খাওয়া, কাপড় বদলানো, হাঁটা, গাছে চড়া, সাইকেল চালানো এমনকি স্কেটিং পর্যন্ত করছেন অত্যন্ত সাবলীল ভঙ্গিতে। ফুটবল মাথায় নিয়ে অন্য ফুটবলগুলোতে পাম্প দিয়ে ১০/১২টি ফুটবল নিয়ে নানা কসরত দেখান হালিম। বিভিন্ন প্রতিষ্ঠানে কসরত দেখিয়ে সামান্য যা টাকা পান তা দিয়েই সংসার চলে। আব্দুল হালিম জানান, সংসারে অভাবকে সঙ্গে নিয়েই দুটি বিশ্ব রেকর্ড গড়েছেন। দেশের নাম বিশ্বের দরবারে তুলে ধরেছেন। কিন্তু সরকারিভাবে এখনো কোনো ভাতা বা স্বীকৃতি পাননি তিনি। সরকারি একটি স্থায়ী ভাতা পেলে তিনি দেশের জন্য আরো ভালো কিছু আনতে পারবেন বলে জানান। দেশ-বিদেশের বিভিন্ন মিডিয়ায় তাকে নিয়ে বিভিন্ন সময়ে অনেক লেখালেখি হলেও তার ভাগ্যের চাকা ঘোরেনি তাতে। তিনি জানান, একমাত্র প্রধানমন্ত্রীই পারেন তাকে এই দৈন্যদশা থেকে মুক্তি দিতে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদৃষ্টি কামনা করেন।
ইত্তেফাক/নূহু