লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে মাছ ধরার ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ জেলে মো. হেলালের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কমলনগর উপজেলার চর ফলকন লুধুয়া মাছ ঘাটের অদূরে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্বজনরা। নিহত হেলাল উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের চর ডাক্তার এলাকার মো. মোস্তফার ছেলে।
সোমবার গভীর রাতে উপজেলার মেঘনা নদী বেষ্টিত আবদুল্লার চরের হুজুরের খালের অদুরে মেঘনা নদীতে আকষ্মিক ঝড়ের কবলে পড়ে চারটি ট্রলার ডুবে দুই জেলে নিহত হন। এ ঘটনায় মো. হেলাল নিখোঁজ ছিলেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ উল্লাহ মজনু জানান, হেলাল নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন গত তিন ধরে ২-৩টি ট্রলার নিয়ে মেঘনা নদীর বিভিন্ন এলাকায় খোঁজাখুজি করেন। বৃহস্পতিবার সকালে কমলনগর উপজেলার চর ফলকন লুধুয়া মাছ ঘাটের অদূরে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পাওয়া যায়।
ইত্তেফাক/কেকে