দক্ষিণ চীন সাগরে প্রশিক্ষণকালে গোলার আঘাতে ইন্দোনেশিয়ার চার সেনা নিহত ও অপর আট জন আহত হয়েছে। বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে এখবর জানানো হয়েছে।
ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় দ্বীপে তানজুং দাতুক নাতুনায় সেনাবাহিনীর একটি রিজার্ভ ব্যাটেলিয়নের প্রশিক্ষণ চলাকালে কামান গোলযোগে এই দুর্ঘটনা ঘটে।
সেনা মুখপাত্র আলফ্রেট ডেনি তুয়েজেহ বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘কামানটি বিগড়ে যায়। এটিকে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। গোলাটি কাছের সেনাদের আঘাত করে।’ তিনি আরো জানান, এই ঘটনায় আহত আট সেনার মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক।
কামানটি ২০০৩ সালে কেনা হয়। তখন এটিতে কোন সমস্যা ছিল না বলে জানান তিনি। সেনাবাহিনী এই ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এএফপি।
ইত্তেফাক/সেতু