'জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বিতর্ক প্রতিযোগীতা প্রয়োজন'

 
বিশ্ববিদ্যালয় হচ্ছে মানুষ গড়ার কারিগর। ন্যায়, যুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য বিতর্ক প্রতিযোগীতা প্রয়োজন বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
 
তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়ের কাজের মধ্যে অন্যতম হলো গবেষণা করা, সমাজের কাজের জন্য উদ্বুদ্ধ করা। শুধু মেধার বিকাশ করলে হবেনা, মেধার সাথে মননশীলতার বিকাশ, দেশাত্ববোধকে জাগ্রত করা এবং মানুষের প্রতি মমত্ববোধ সৃষ্টি করতে হবে। এগুলো না করতে পারলে সঠিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবেনা।'
 
বৃহস্পতিবার দুপুরে ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ডিআইইউডিসি আয়োজিত 'জাতীয় বিতর্ক উৎসব ১৪২৪' এ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় বলেন, 'জীবন আমার কাছে একটি যুদ্ধ ক্ষেত্র। জীবনের যুদ্ধ ক্ষেত্রে স্বপ্ন দেখতে হয় এবং স্বপ্নকে বাস্তবায়নে প্রানান্তর প্রচেষ্টা করতে হয়।' এছাড়া তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন সফল ব্যক্তিদের উদাহরণ তুলে ধরেন।
 
'জীবনকে জয় করতে হলে সংকল্প ও প্রতিজ্ঞা থাকতে হয়' উল্লেখ করে ড. হাছান বলেন, 'জীবনে নানা প্রতিবন্ধকতা আসবে সেই প্রতিবন্ধকতাকে সমূলে উপড়ে ফেলে সংকল্প, প্রতিজ্ঞা এবং প্রচেষ্টা নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। তাহলে জীবনে সফলতা আসবে।'
 
এ সময় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রেজারার হামিদুল হক খান, বিআরবি ক্যাবলসের মার্কেটিং বিভাগের প্রধান জাকারিয়া জুলফিকার প্রমুখ।
 
ইত্তেফাক/জামান