বৈষম্যমূলক শুল্কনীতির প্রতিবাদে বিড়ি শ্রমিকদের প্রতীকী অনশন

বৈষম্যমূলক শুল্কনীতির প্রতিবাদে বৃহস্পতিবার সকালে যশোর কাস্টম অফিসের সামনে বিড়ি শ্রমিকরা প্রতীকী অনশন ও অবস্থান কর্মসূচি পালন করেছে। 
 
এ সময়ে শ্রমিকরা প্রায় এক ঘণ্টার  বেশি সময় কাস্টম অফিসের সামনে অবস্থান নেন। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আটকা পড়েন। পরে তারা এনবিআর চেয়ারম্যানের পক্ষে স্থানীয় কর কমিশনারের আশ্বাসে অবস্থান কর্মসূচি তুলে নেন। 
 
কর্মসূচিতে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের দক্ষিনাঞ্চলের আহ্বায়ক মো. ফজলুর রহমান, ঝিকরগাছা শ্রমিক লীগের সভাপতি মো. আব্দুল হাই, নাভারনের শ্রমিক নেতা সাইফুল ইসলাম, শ্রমিক নেতা মাসুদ রানা, মায়া খাতুন ও আলেয়া খাতুন। 
 
বক্তরা বলেন, প্রতি বছর বিড়ি ও সিগারেটের বৈষম্যমূলক শুল্কনীতির কারণে শত শত বিড়ি কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। গ্রামের হত দরিদ্র লাখ লাখ মানুষ বেকার হচ্ছে। বিড়ি ও সিগারেট শিল্পের  কর্মসংস্থানের বিবেচনা করে আগামী ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে যাতে বিড়ির ওপর অতিরিক্ত কর আরোপ করা না হয় সেদিকে নজর রাখার আহ্বান জানান শ্রমিক নেতারা। 
 
এদিকে দুই বছরের মধ্যে বিড়ির অস্তিত্ব থাকবে না অর্থমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানান শ্রমিক নেতারা। তারা বলেন, তিনি এ বক্তব্যের মাধ্যমে প্রমাণ করেছেন তিনি বহুজাতিক কোম্পানিকে সুবিধা দিতে  বিড়ি তুলে দিতে চান।  
 
ইত্তেফাক/ইউবি