ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নতুন মার্কিন অবরোধের নিন্দা ইরানের

ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নতুন মার্কিন অবরোধ আরোপের নিন্দা করেছে।  তেহরান বৃহস্পতিবার কঠোর ভাষায় এ অবরোধের সমালোচনা করে বলেছে, এই অবরোধ বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সাথে করা তাদের পারমানবিক চুক্তিকে গুরুত্বহীন করে তুলবে।
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, ‘ইরান পরমাণু চুক্তি বাস্তবায়নের ইতিবাচক ফলাফলকে খাটো করার মার্কিন প্রশাসনের এমন অশুভ উদ্দেশ্যের নিন্দা জানাচ্ছে।’ এদিকে এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমানবিক চুক্তির কঠোর সমালোচনা করলেও তার প্রশাসন চুক্তিটি পর্যালোচনার ঘোষণা দিয়েছিলো।
 
তবু মার্কিন প্রশাসন তেহরানের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সাথে সম্পর্কযুক্ত ইরানের প্রতিরক্ষা কর্মকর্তাদের ও চীনের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শাস্তি দিতে নতুন এই অবরোধ আরোপ করলো। পশ্চিমাদের অভিযোগ সত্ত্বেও ইরান বরাবরই পারমানবিক অস্ত্র বানানোর কথা অস্বীকার করে আসছে। তবে কাসেমি বলেন, ‘দেশের প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের বৈধ অধিকার।’ তিনি বলেন, ইরান তাদের পরিকল্পনা অনুযায়ী ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত রাখবে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির