ইবিতে বিতর্ক উৎসব

 
'যুক্তি দিয়ে মুক্ত হোক রবি-লালনের ভূমি'-এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) 'ইকো ফুড চতুর্থ এনডিএফ বিডি খুলনা বিভাগীয় বিতর্ক উৎসব ২০১৭' অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ ও ইবি'র যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।
 
বেলা ১১ টায় এনডিএফ এর সভাপতি এ কে এম শোয়েবের নেতৃত্বে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিতর্ক উৎসবে মিলিত হয়। অনুষ্ঠানে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ) এর সভাপতি এ কে এম শোয়েব সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডিবেটিং সোসাইটির ইসমেত জেরিন বিনতে নিজাম।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মো. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ড. সেলিম তোহা, ইবি ডিবেট মোডারেটর প্রফেসর ড. মামুনুর রহমান, বিশ্ব বিতর্ক প্রতিনিধিত্ব কারী ঢাবি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শামীম রেজা, এনডিএফ এর পরিচালক ডা. আরফিন, কাজী রুহুল আমিন, অভিনেতা শহিদুল ইসলাম সাচ্ছু প্রমুখ। খুলনা বিভাগের ১০ জেলার সেরা ২২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮০০ শিক্ষার্থী এ বিতর্ক উৎসবে অংশ গ্রহণ করেন। বিতর্ক অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, কথা বলার বাচন ভঙ্গি ও উচ্চারণের উপর প্রশিক্ষণ, আঞ্চলিক বিতর্ক, ক্যারিয়ার নির্বাচন, কমেডি বিতর্ক উপস্থাপন ও বিতর্কের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।
 
এছাড়া দেশ সেরা বিতার্কিকদের অংশগ্রহণে সংসদীয় বিতর্ক 'এই সংসদ মনে করে যে, সুশাসনই পারে জঙ্গিবাদ দুর করতে' ও 'তৃতীয় বিশ্ব যুদ্ধের জন্য ট্রাম্প দায়ী থাকবেনা' এই বিষয়ের উপর দুইটি আলাদা বিতর্ক উপস্থাপন করা হয়। পরে বিবাহ পরবর্তী প্রেম বেশি মধুর হয়' বিষয়ে রম্য বিতর্ক শুরু হয়। আঞ্চলিক বিতর্কে রংপুর,সিলেট, কুষ্টিয়া, বরিশাল, বগুড়া, যশোর, খুলনা, ময়মনসিংহ, সাতক্ষিরা ও ঢাকার বিতার্কিকরা অংশগ্রহণ করবেন। উৎসবটিতে বিভিন্ন মডেলের অংশগ্রহণকারী বিতার্কিকরা হলেন- পিয়াস, শিমু, জীবন, মুসা, এনি, শাকিলা, অরূপ, নাহিদ, স্বাক্ষর, আরেফিন সৈকত, তামজিদ, দীপ্ত, শিশির ইসলাম প্রমুখ।
 
অনুষ্ঠানে ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, 'যুক্তি একটি তরবারীর চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী। অস্ত্রের মাধ্যমে একজনকে প্রতিহত করা যায় কিন্তু যুক্তির মাধ্যমে পুরো মনুষ্য জাতির পরিবর্তন করা সম্ভব। এত বড় আয়োজনের জন্য এনডিএফ এর সাথে জড়িত সকল সদস্যদের ধন্যবাদ জানান।'
 
ইত্তেফাক/জামান