আফিয়া আক্তার নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ‘ভুল চিকিৎসায়’ মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গ্রিন রোডের সেন্ট্রাল হাসপাতালে এ ঘটনা ঘটে।
এদিকে বৃহস্পতিবার ওই ছাত্রীর সহপাঠীরা হাসপাতালটিতে ভাঙচুর চালায়। পরে ধানমন্ডি থানা পুলিশ গিয়ে শিক্ষার্থীদের বাধা দেয়। এ নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। আফিয়া আক্তার প্রাণিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল লফিত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীকে বুধবার সন্ধ্যায় সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। গত রাতে কর্তব্যরত চিকিৎসক জানান তার ক্যান্সার হয়েছে। সে অনুযায়ী চিকিৎসাও চলে। তবে বৃহস্পতিবার ডাক্তার জানায়, ওই ছাত্রী ক্যান্সার নয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত। দুপুরের দিকে ওই ছাত্রী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এরপর ওই শিক্ষার্থীর আত্মীয়-স্বজনরা হাসপাতালে চলে আসেন। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্ষুব্ধ সহপাঠীরা এসে ভাঙচুর শুরু করে। এ ঘটনায় দুই ডাক্তারকে শিক্ষার্থীদের ভাঙচুর ও হামলার হাত থেকে বাঁচাতে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এখন অবস্থা স্বাভাবিক রয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/ইউবি