মহালছড়িতে অস্ত্রসহ আটক ১

 
খাগড়াছড়ির মহালছড়িতে অস্ত্রসহ দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার ভোর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভূয়াটেক গ্রামে মহালছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল সৈয়দ মো. আবদুল্লাহ জুনায়েদ পিএসসি’র নেতৃত্বে অভিযান চালিয়ে সুমন্ত চাকমা’র বাড়ি থেকে দুইজনকে আটক করা হয়। 
 
আটকরা হলেন, মনাটেক গ্রামের প্রতিময় চাকমার ছেলে মেনন চাকমা ও ভুয়াটেক গ্রামের তুফান চাকমার ছেলে সুমন্ত চাকমা। মেনন চাকমা পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি ও সুমন্ত চাকমা জেলা কমিটির সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদকের পদে দায়িত্বরত আছেন বলে জানা গেছে। 
 
সেনাসূত্র থেকে প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন যাবত থেকে এলাকায় চাঁদাবাজি ও  সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। আটকের সময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি পিস্তল, ২ রাউন্ড কার্তুজ, ১৩টি সচল মোবাইল সেট, দুটি হাত ঘড়ি ও প্রচুর পরিমাণ নথিপত্র পাওয়া গেছে। তবে, জিজ্ঞাসাবাদ শেষে মেনন চাকমাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।  
 
জোন অধিনায়ক সাংবাদিকদের বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজ এলাকার কারোর বন্ধু হতে পারে না। যেকোনো কিছুর বিনিময়ে এলাকার শান্তি বিনষ্টকারীকে প্রতিহত করতে সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপ নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তিকে মহালছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/কেকে