বৈশাখী উপহার

অ জে য়  চৌ ধু রী

 

বিশেষ বিশেষ দিবস এলেই যে মেহজাবিন চৌধুরী অভিনয়ে নিজেকে ব্যস্ত করে তোলেন এমনটি নয়। বছরজুড়েই অভিনয়ের জন্য শুটিংয়ে তাকে ব্যস্ত সময় কাটাতে হয়। আসছে পহেলা বৈশাখ। আর এ উপলক্ষে বেশ কয়েকটি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করছেন তিনি। গেল ভালোবাসা দিবসে একই পরিচালকের দুটি নাটকে অভিনয় করেছিলেন তিনি, যা দর্শকের কাছে বেশ প্রশংসিত হয়েছে। নাটক দুটি হচ্ছে ‘মিস আন্ডারস্ট্যান্ডিং’ ও  ‘আনএক্সপেক্টেড স্টোরি’। দুটি নাটকেই মেহজাবিন অভিনয় করেছিলেন মাহমুদুর রহমান হিমির নির্দেশনায়। আসছে পহেলা বৈশাখে নাগরিক টিভিতে প্রচারের জন্য মাহমুদুর রহমান হিমি মেহজাবিনকে নিয়ে আবারও নির্মাণ করেছেন বিশেষ নাটক ‘ত্রুটিমুক্ত’। নাটকের গল্প প্রসঙ্গে হিমি বলেন, ‘দেখা যায় যে আমাদের মধ্যে কারো কোনো কঠিন রোগ হলে সেই দুঃসময়ে তেমন কাউকে পাওয়া যায় না। কিন্তু এই দুঃসময়ে যাদের পাশে পাওয়া যায় তারাই সত্যিকার অর্থে মানুষ, সত্যিকার অর্থের বন্ধু। এই বিষয়টিকেই মূলত ‘ত্রুটিমুক্ত’ নাটকে তুলে ধরা হয়েছে।’ নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মেহজাবিন বলেন, ‘গেল ভালোবাসা দিবসে হিমির নির্দেশনায় আমি আর অপূর্ব ভাই ‘মিস আন্ডারস্ট্যান্ডিং নাটকে অভিনয় করেছিলাম। একই পরিচালকের নির্দেশনায় আমরা দুজন বৈশাখ উপলক্ষে ‘ত্রুটিমুক্ত’ নাটকে অভিনয় করেছি। এই নাটকে যেমন আবেগ আছে, তেমন আছে প্রেম-ভালোবাসা। গল্পটা ভালো লেগেছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে। দর্শকদের জন্য এটি আমার বৈশাখী উপহার।’ এদিকে এবারের পহেলা বৈশাখে মেহজাবিনকে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মিজানুর রহমান আরিয়ান, মোহিতুল মোহিম, ইমরাউল রাফাতসহ আরো বেশ কজন নির্দেশকের নাটকে দেখা যাবে। এদিকে গেল ২৭ মার্চ মেহজানি চৌধুরী সোহাগের কোরিওগ্রাফিতে ফরিদপুরের রাজেন্দ্রপুর কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করেছেন। সেদিনই তিনি ঢাকায় ফিরে পরেরদিন ঢাকাতেও একটি স্টেজ শোতে অংশ নেন। এদিকে এরইমধ্যে অভ্র মাহমুদের নির্দেশনায় ‘অপ্রিয় রাত’-এ মেহজাবিনের অভিনয় করে বেশ প্রশংসিত হয়েছে। এতে তার বিপরীতে ছিলেন ইরফান সাজ্জাদ। একই পরিচালকের নির্দেশনায় তিনি এর আগে ‘বিবাহ প্রস্তাব’ নাটকে অভিনয় করেছিলেন। গত ২৬ ফেব্রুয়ারি আরটিভি স্টার অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান মেহজাবিন চৌধুরী। বর্তমানে তার অভিনীত দর্শকপ্রিয় অন্যান্য নাটকের মধ্যে রয়েছে বিইউ শুভর ‘ফার্স্ট লাভ’, মাবরুর রশীদ বান্নাহর ‘ছোট্ট পাখির বাসা’। এদিকে দেশের প্রায় সবগুলো চ্যানেলে দিলারা জামানের সঙ্গে মেহজাবিনের একটি বিজ্ঞাপন নিয়মিত প্রচারিত হচ্ছে। এই বিজ্ঞাপনটিতে মেহজাবিনের গ্ল্যামারাস উপস্থিতি প্রতিনিয়তই দর্শককে মুগ্ধ করছে।