বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন খুড়িয়াখালী গ্রাম থেকে শুক্রবার ভোরে ১৪ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
ওই গ্রামের ফুলমিয়া হাওলাদারের গোয়ালঘর থেকে ওয়াইল্ড টিম ও টাইগার টিমের সদস্যরা অজগরটি উদ্ধার করে। পরে অজগরটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়। দুপুর ১২টার দিকে তারা অজগরটি সুন্দরবনে অবমুক্ত করে।
ফুলমিয়া হাওলাদার জানান, ভোর ৫টা দিকে গরু ছুঁটোছুঁটি করার শব্দ পেয়ে গোয়ালঘরে গিয়ে বিশাল অজগরটি তিনি দেখতে পান। এ সময় মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে ওয়াইল্ড টিমের প্রতিনিধি আলম হাওলাদার, সদস্য সেলিম খান ও বাবু এসে সাপটি কৌশলে ধরে বনবিভাগের কাছে তুলে দেন।
পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আনোয়ার হোসেন জানান, ১৪ ফুট লম্বা অজগরটির ওজন প্রায় আধামন (২০ কেজি)। দুপুরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ২ নম্বর কম্পার্টমেন্টের ধাবড়ী এলাকার বনে সাপটি অবমুক্ত করা হয়েছে।
ইত্তেফাক/ইউবি