খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মুন্সী রাজু (২৭) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন। এ সময় খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমানসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে তিনটার দিকে নগরীর টুটপাড়া খ্রিস্টানপাড়া বালুর মাঠে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি চাইনিজ কুড়াল ও একটি রামদা উদ্ধার করেছে।
খুলনা থানার ওসি এসএম মিজানুর রহমান জানান, রাত সাড়ে তিনটার দিকে মুন্সী রাজুর নেতৃত্বে ১০/১২জন সন্ত্রাসী নগরীর টুটপাড়া খ্রিস্টানপাড়া বালুর মাঠ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও এ সময় তাদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। দু’পক্ষের গুলি বিনিময়কালে সন্ত্রাসী রাজু গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তার সহযোগীরা পালিয়ে যান। পুলিশ আহত রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ভোর সোয়া চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বন্দুকযুদ্ধে আহত পাঁচ পুলিশ সদস্যরা হলেন, খুলনা থানার ওসি মিজানুর রহমান, এসআই সুজিৎ কুমার দাস, এসআই মিহিরকান্তি পাল, এএসআই সরোয়ার হোসেন ও এএসআই কমল। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি আরো জানান, সন্ত্রাসী রাজুর বিরুদ্ধে একটি হত্যা, গণধর্ষণ ও হত্যা প্রচেষ্টাসহ ৫টি মামলা রয়েছে। সর্বশেষ তিনি নগরীর টুটপাড়া জোড়াকল বাজারে সোনাডাঙ্গা থানার এসআই হারুনের ছেলেকে কুপিয়ে আহত করেন। তিনি ওই মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। নিহত রাজু নগরীর পশ্চিম টুটপাড়া দারোগার বস্তির ইলিয়াস কবিরের ভাড়াটিয়া সিদ্দিকুর রহমানের ছেলে।
তিনি জানান, ওই ঘটনায় খুলনা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/কেকে