যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে কিশোর হত্যা

 
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে এক কিশোরকে হত্যা করেছে। তার নাম জাহিদুল ইসলাম (১৫)। শুক্রবার রাত ১০টার দিকে যাত্রাবাড়ীর কাজলা ছনটেক পেট্রোল পাম্প এলাকায় তাকে ছুরিকাঘাত করে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
 
জাহিদের পরিচিত ইমন হাসপাতালে সাংবাদিকদের জানান, জাহিদ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ফোরকান হাওলাদারের ছেলে। তারা যাত্রাবাড়ী ছনটেক এলাকায় থাকে। সে স্থানীয় একটি ফ্যান কারখানায় চাকরি করত। 
 
জাহিদের চাচাতো ভাই মো. আইউব জানান, গতকাল রাতে জাহিদ ওই রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন। কে বা কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে তিনি কিছুই জানাতে পারেননি।
 
যাত্রাবাড়ীর থানার ওসি আনিসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডের ব্যাপারে তথ্য সংগ্রহ করছে। কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
 
ইত্তেফাক/কেকে