সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনী বিদ্রোহীদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। শুক্রবার রাতে রিয়াদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটিকে ভূপাতিত করা হয়। সুন্নি অধ্যুষিত সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের প্রাক্কালে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলো, জানায় বার্তা সংস্থা এএফপি।
সৌদি নেতৃত্বাধীন জোটের বিবৃতিতে জানা গেছে, সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ইউনিট ‘হুতি বিদ্রোহীদের ছোঁড়া ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করেছে।’ বিবৃতিতে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্রটি রিয়াদ থেকে ১৮০ কিলোমিটার দূরের একটি জনবিহীন লোকালয়ে আছড়ে পড়ে।
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি জোটকে অস্ত্র, গোয়েন্দা তথ্য ও আকাশ পথে অভিযান চালানোর জন্য জ্বালানি সরবরাহের মাধ্যমে সহায়তা করে থাকে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় দেশ ও মুসলিম নেতৃবৃন্দের সঙ্গে এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে শনিবার সৌদি আরব যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।
দুই বছর আগে সৌদি আরবের বিরুদ্ধে হুতি বিদ্রোহী ও তাদের মিত্রদের হামলা শুরুর পর থেকে এটাই এযাবতকালের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। হুতি নিয়ন্ত্রিত টেলিভিশন কেন্দ্র আল-মাসিরাহ এর টুইটবার্তায় জানায়, ‘সৌদি আরবের রাজধানীতে বিদ্রোহীরা ভলকানো-২ নামের একটি রকেট চালিত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’
তবে এ ধরনের হামলা ঠেকাতে প্যাট্রিওট মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে সৌদি আরব। এএফপি।
ইত্তেফাক/সেতু