নাগরপুরে দুর্ঘটনায় মা নিহত, দুই ছেলে আহত

 
টাঙ্গাইলের নাগরপুরে মোটরসাইকেল ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে মোসা. সুফিয়া বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এতে ওই নারীর দুই ছেলে সুজন (২৫) ও রুমন (১৯) আহত হয়েছেন।
 
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ নাগরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত সুফিয়া বেগম উপজেলার ভাদ্রা ইউনিয়নের বেতো গ্রামের মো. কুজরত আলীর স্ত্রী।
 
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সুফিয়া বেগম ও তার দুই ছেলে একই মোটরসাইকেলে করে স্থানীয় নাগরপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেট কার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা সুফিয়া বেগম নিহত হন। আর দুই ছেলেকে উদ্ধার করে স্থানীয় ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নাগরপুর থানার ওসি জহিরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অজ্ঞাতনামা একটি প্রাইভেট কারের চাপায় নিহত সুফিয়া বেগম নামের এক মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/জামান