রিয়াদে রবিবার সৌদি আরবসহ ‘আরব ইসলামিক আমেরিকান সামিট’-এর সদস্য ৫৪টি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলোচনার এক ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেক দিন ধরেই সুযোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুখোমুখি বৈঠকে বসার খুঁজছিল ইসলামাবাদ।
কিন্তু ওয়াশিংটনের গ্রিন সিগন্যাল কিছুতেই মিলছিল না। অবশেষে সৌদি আরব প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সেই সুযোগটা করে দিয়েছে। পাকিস্তানের সংবাদপত্র ‘দ্য ডন’ এই খবর দিয়েছে। একটি ‘কূটনৈতিক সূত্র’কে উদ্ধৃত করে সংবাদপত্রটি জানিয়েছে, সৌদি আরবের অনুরোধে বরফ কিছুটা গলেছে! ‘খুব অল্প সময়ের জন্য যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বসে একটু কথা বলতে পারেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ, আমেরিকার পক্ষ থেকে সেই চেষ্টা করা হচ্ছে।’
ইসলামাবাদের সরকারি সূত্রের খবর, ওই বৈঠকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরে জঙ্গি কর্মকা-, সন্ত্রাসবাদ ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে কথা বলবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। সৌদি আরব সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে ৫৪টি দেশের ‘আরব ইসলামিক আমেরিকান সামিট’-এ যোগ দিতে রিয়াদে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
ক্ষমতাসীন হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের এটাই প্রথম বিদেশ সফর। যেটা আরও তাৎপর্যের, তা হল, আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে কয়েকটি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা জারির পর তার প্রথম বিদেশ সফরের জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ‘গন্তব্য’ হলো সৌদি আরবসহ আরব দেশগুলোর এই শীর্ষ সম্মেলন।
হোয়াইট হাউস সূত্রের খবর, এই সম্মেলনে ইসলাম নিয়ে তার মতামত ৫৪টি দেশের রাষ্ট্রপ্রধানদের জানাবেন মার্কিন প্রেসিডেন্ট। শনিবারই তিনি রিয়াদে পৌঁছেছেন। ওয়াশিংটন থেকে রওনা হওয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি মুসলিম রাষ্ট্রপ্রধানদের সঙ্গে কথা বলব (ইসলাম নিয়ে)। অন্যান্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা, বিদ্বেষ দূর করা আর জঙ্গিবাদের মূলোচ্ছেদ করার জন্য ওনাদের (মুসলিম রাষ্ট্রপ্রধানদের) এগিয়ে আসতে বলব।’
ইত্তেফাক/সাব্বির