সরকারি ছাগল খামার ভোগ দখলের প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুর ছাগল খামারের সরকারি সম্পদ ভোগ দখল করা হচ্ছে এমন অভিযোগে প্রতিবাদে নেমেছে এলাকার কিছু যুবক। এর অংশ হিসেবে শনিবার সকালে ছাগল খামারের সামনের সড়কে মানববন্ধন করা হয়েছে।

পুলিশ লাইন পাড়া যুব ক্লাবের ব্যানারে আয়োজিত মানববন্ধনে নেতৃত্বে দেন ক্লাবের সাধারণ সম্পাদক মিলন মিয়া। মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের সদস্য মনি, আশিক, রনি, সুলতান, মহাম্মদ আলী, বিল্লাল, বাদশা, আকাশ, কালাম প্রমুখ।

এলাকাবাসী জানায়, এই খামারে সরকারিভাবে বিদেশিরা ছাগল পালন করতেন। এখন ওই প্রকল্প বন্ধ রয়েছে। তবে এর সম্পদ রক্ষাবেক্ষণের দায়িত্ব উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয়ের। খামারের ভেতরে আম গাছ, নারকেল গাছ রয়েছে। রয়েছে চাষাবাদকৃত বেশ কয়েক বিঘা জমি। কিন্তু সরকারি এই সম্পদ ব্যক্তি মালিকানায় ভোগ দখল হয়ে আসছে। আমরা যুব সমাজ চাই এসব সম্পদের আয়ের অর্থ সরকারি কোষাগারে জমা হোক। এছাড়াও সরকারিভাবে যদি ছাগল পালন করা হয় তাহলে এলাকার মানুষ উপকৃত হবে।

ইত্তেফাক/নূহু