বাংলাদেশ রেলওয়ের মালিকানাধীন ভূমি কৃষির নামে লীজ নিয়ে ভূমিতে মাটি ভরাট করে ৪৮টি সেমিপাকা দোকানঘর তৈরিসহ আরসিসি পিলারদ্বারা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, সদর উপজেলাধীন বড় হরণ এলাকায় ১ একর ভূমির উপর বড় হরণ ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা হয়। ২০১৫ সালের এপ্রিল মাসে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুস ছালাম তালশহর স্টেশনের রেলওয়ের ভূমি কৃষি কাজের ব্যবহারের জন্য ২ বছরের লিজ গ্রহণ করেন।
পরবর্তীতে মাদ্রাসা কমিটির সভাপতি আব্দুস ছালাম ও সুপার মোঃ সুলতান উদ্দিন আহমেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ রেলওয়ের ভূমিতে মাটি ভরাট করে ৪৮টি সেমিপাকা দোকানঘর তৈরিসহ আরসিসি পিলার দ্বারা আরও দোকানঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
যোগাযোগ করা হলে মাদ্রাসা সুপার মোঃ সুলতান উদ্দিন লিজ গ্রহণ ও মার্কেট নির্মাণের বিষয়টি স্বীকার করেন। কৃষি কাজের জন্য লিজ পাওয়া জায়গায় মার্কেট নির্মাণ আইন সম্মত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বাণিজ্যিক লিজ পাওয়ার জন্য আবেদন করা হবে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আবদুস সাত্তার জানান, এই ঘটনায় মাদ্রাসা কমিটির সভাপতি ও সুপারসহ ৫ জনের বিরুদ্ধে রেলওয়ের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/মুস্তাফিজ/আনিসুর