বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণ

রাষ্ট্রীয় আলোচনায় ঢাকায় শ্যাম বেনেগাল

 বিনোদন রিপোর্ট

 

বলিউড নির্মাতা শ্যাম বেনেগালের বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের বায়োপিক নির্মাণ করার খবরটি আগেই সবার জানা। তবে এ নিয়ে রাষ্ট্রীয়ভাবে কোনো আলোচনা হয়নি এখনো। সম্প্রতি ভারত-বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের সিদ্ধান্তের পর এবারই প্রথম এ বিষয়ে আলোচনা করতে ঢাকায় আসেন শ্যাম।

মঙ্গলবার সকালে তিনি বিএফডিসিতে গিয়েছিলেন আলোচনায় অংশ নিতে। এতে উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক লক্ষ্মণ চন্দ্র দেবনাথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে। বৈঠক শেষে শ্যাম বেনেগাল বলেন, ‘সিনেমাটি নির্মাণের পূর্বে একটি অফিশিয়াল আলোচনা প্রয়োজন ছিল। সেজন্যই বাংলাদেশের আসা। এখানেই হবে ছবিটির দৃশ্যধারণ। তাই আমি ঢাকায় এসেছি, এখানে কোন ধরনের সুবিধা পাবো তা দেখতে। এছাড়াও নানা বিষয় নিয়ে আমাদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে।’ ছবি তৈরির জন্য এরইমধ্যে বাংলাদেশ ও ভারত থেকে ১৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক বাংলাদেশ অংশের নেতৃত্ব দিচ্ছেন।

২ দিনের এ সফরে শ্যাম বেনেগাল যান গাজীপুরের শফিপুরে বঙ্গবন্ধু ফিল্ম সিটিতেও। সেখানে ছবিটির শুটিং করা যাবে কি-না, তা খতিয়ে দেখার জন্যই এই সফর। বঙ্গবন্ধুর জীবনী নিয়ে ছবিটি বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত হবে। ২০২০ সালে শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের প্রাক্কালে এটি মুক্তি দেওয়া হবে।