আতঙ্ক ছড়াতে মণিরামপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে বোমা

আতঙ্ক ছড়াতে মণিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরদার বাহাদুর আলীর বাড়িতে পাঁচটি বোমা রেখে গেছে দুর্বৃত্তরা। রোববার সকালে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে বোমা গুলি উদ্ধার করে।
 
ইউপি চেয়ারম্যান সরদার বাহাদুর আলী জানান, রোববার ভোরে তার বাড়ির পুরাতন ঘরের বারন্দায় লাল টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় পাঁচটি কৌটা সাদৃশ্য বস্তু দেখতে পায় বাড়ির লোকজন। তিনি মণিরামপুর থানার অফিসার ইনচার্জকে ঘটনাটি জানালে থানার সাব ইন্সপেক্টর মো. জহির রায়হানের নেতৃত্বে একদল পুলিশ বোমা গুলি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
 
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
 
 
ইত্তেফাক/ইউবি