‘সরকারের উন্নয়ন প্রচার করতে হবে’

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন, ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালন করবো। এছাড়া ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করবো। আমরা যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করতে পারিনি, এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অংশ নিয়ে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়বো। 
 
রবিবার দুপুরে রাজশাহীর মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উপজেলা ছাত্রলীগের সম্মেলনে তিনি এ সব কথা বলেন। 
 
ছাত্রলীগ সভাপতি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়তে আমাদের কাজ করতে বলেছেন। এজন্য আমরা ইতোমধ্যে সব শাখায় এ কর্মসূচি নিতে বলেছি। ব্যক্তিগত উদ্যোগে আমি নিজেও অনেক আগ থেকে ঢাকায় পথশিশুদের নিয়ে এ কার্যক্রম শুরু করেছি। ছাত্রলীগ নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় স্বাক্ষরদান কার্যক্রম চালাতে হবে।
 
তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। আবারও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে। এজন্য এখন থেকেই সরকারের উন্নয়ন প্রচার করতে হবে। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
 
মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হযরত আলীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন, উপ-দফতর সম্পাদক গোলাম মোস্তফা, রাজশাহী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ প্রমুখ।
 
 
ইত্তেফাক/ইউবি