হামলা-ভাঙচুরের মামলায় গ্রেফতার ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফের ছেলে ও ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমালসহ ১১ জনের জামিন নামঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার দুপুরে পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আসামিদের পক্ষে জামিন প্রার্থনা করেন এপিপি অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু। বিচারক রেজাউল করিম শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১৮ মে প্রকাশ্য দিবালোকে মুখে কালো কাপড় বেধে উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল ও সাধারণ সম্পাদক রাজিব সরকারের নেতৃত্বে ঈশ্বরদী পৌর সদরের ২টি বাড়ি ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এসময় মন্ত্রীর জামাতা ও ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর ব্যবসা প্রতিষ্ঠান এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতে হামলা চালানো হয়।
এ ঘটনায় জুবায়ের বিশ্বাসের বাবা আতিয়ার রহমান বিশ্বাস বাদি হয়ে ওইদিন রাতে ভূমিমন্ত্রীর পুত্র শরীফ তমালসহ ৩৪ জনকে আসামি করে মামলা করেন। মামলার পর যৌথ অভিযান চালিয়ে শরীফ তমালসহ ১১ জনকে আটক করে পুলিশ।
এদিকে ওই হামলার পর থেকে শহরে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ শহরজুড়ে টহল দিচ্ছে। শনিবার বিকেলে পুলিশ মোটরসাইকেল ও গাড়ির বহর নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় শোডাউন করেছে।
ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, মামলার অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
ইত্তেফাক/নূহু