মেহেন্দিগঞ্জে এমপি’র সঙ্গে জেলা পরিষদ চেয়ারম্যানের সংঘর্ষ

 
মেহেন্দিগঞ্জের চাঁনপুর ইউপি’র নির্বাচনকে কেন্দ্র করে রবিবার রাতে বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম ও স্থানীয় সংসদ সদস্য পংকজ দেবনাথের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম ও মেহেন্দীগঞ্জের পৌর মেয়র কামাল উদ্দিন খানসহ তাদের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম। 
 
তবে সংসদ সদস্য পংকজ দেবনাথ পাল্টা অভিযোগ করে বলেন- জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল দল নিয়ে তার ওপর হামলা চালিয়েছেন। 
 
স্থানীয় সূত্র জানায়- চাঁনপুর ইউপি নির্বাচনের প্রচারণা শেষে জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম ও মেহেন্দিগঞ্জ পৌরসভার মেয়র কামাল উদ্দিন খানসহ বেশ কয়েকজন মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে উপজেলা সদরে ফিরছিলেন। একই পথে সংসদ সদস্য পংকজ দেবনাথ ও তার কর্মী সমর্থকরা আসছিলেন। উভয় পক্ষের শোভযাত্রা মুখোমুখি হলে সংঘর্ষের সূত্রপাত হয়। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান- এমপি পংকজ দেবনাথের সঙ্গে কর্ম-সমর্থক বেশি থাকায় জেলা পরিষদ চেয়ারম্যানের লোকজন শিকার হন।
 
জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলাম জানান- চাঁনপুর ইউপি’র নির্বাচনী উঠান বৈঠক শেষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র কামাল উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব আহমেদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু সহ ১০/১৫ জন মোটরসাইকেল যোগে পাতারহাট বন্দরের বাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে পথে মধ্যে টিএন্ডটি ব্রিজে পরিকল্পিত ভাবে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি নিয়ে ব্যারিকেট দিয়ে অতর্কিত ভাবে পুলিশের উপস্থিতিতে তাদের ওপর সশস্ত্র হামলা চালায়। 
 
হামলায় তিনি (জেলা পরিষদ চেয়ারম্যান) সহ পৌর মেয়র কামাল উদ্দিন খান ও ১০/১২ জন নেতাকর্মী আহত হন। হামলার সময় মেহেন্দিগঞ্জ থানার এসআই ইয়াদুল, এসআই মাহতাবসহ কয়েকজন এএসআই এবং পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও তারা নিরব ভূমিকা পালন করেন বলে অভিযোগ করেন জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল।
 
জেলা পরিষদ চেয়ারম্যান অভিযোগ করেন, হামলার পর পুলিশের উপস্থিতিতের সংসদ সদস্য পঙ্কজ নাথের নেতৃত্বে পাতারহাট বন্দরে সশস্ত্র মহড়া দেয় হামলাকারীরা। এসময় পৌর কাউন্সিলর আব্দুল মোতালেব জাহাঙ্গীর’র কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়। তিনি অভিযোগ করেন, এমপি পংকজের নেতৃত্বে সেখানে গভীর রাত পর্যন্ত সন্ত্রাসী কর্মকান্ড চলছে। 
 
অভিযোগ অস্বীকার করে সংসদ সদস্য পংকজ দেবনাথ জানান- তিনি উপজেলার টিএন্ডটি মোড় এলাকা অতিক্রম কালে জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলামের নেতৃত্বে ক্যাডার বাহিনী পংকজ দেবনাথকে উদ্দেশ্য করে উস্কানিমূলক একের পর এক কটুক্তি করতে থাকেন। পংকজ দেবনাথের সঙ্গে থাকা দলের নেতা-কর্মীরা প্রতিবাদ জানালে মইদুল ও কামাল খানের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলার প্রতিবাদে রাতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা রাতেই উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন বলে জানান পংকজ দেবনাথ।
 
প্রসঙ্গত, মেহেন্দীগঞ্জের সাবেক সংসদ সদস্য ও বর্তমান বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান মইদুল ইসলামের সাথে দীর্ঘ দিন যাবত সেখানকার বর্তমান সংসদ সদস্য ও স্বেচ্ছা সেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পংকজ দেবনাথের বিরোধ চলে আসছে। সেই পূর্ব বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে উপজেলা সদরে উপ্তত অবস্থা বিরাজ করছে। 
 
ইত্তেফাক/কেকে