এভারেস্টে তিন পর্বতারোহীর মৃত্যু, নিখোঁজ এক

এভারেস্টে এ সপ্তাহে তিনজন পর্বতারোহীর প্রাণহানি ঘটেছে এবং অপর একজন নিখোঁজ রয়েছে। এ খবর জানাচ্ছে বার্তা সংস্থা এএফপি।
 
হেলিকপ্টার উদ্ধারকর্মীরা বার্তা সংস্থা এএফপিকে জানান, ৮ হাজার ৮শ’ ৪৮ মিটার উঁচু পর্বতটি থেকে বেশ কয়েকজন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। এই তিনজনকে নিয়ে চলতি মৌসুমে এখন পর্যন্ত পাঁচ জন মারা গেল। বৈরী আবহাওয়া, শক্তিশালী বাতাস ও অস্বাভাবিক ঠাণ্ডাকেই এই প্রাণহানির জন্য দায়ী করা হচ্ছে।
IMG0
রবিবার স্লোভেনিয়ার এক পর্বতারোহীকে এভারেস্ট শৃঙ্গের মাত্র কয়েকশ মিটার নিচে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে নিশ্চিত করে নেপালের পর্যটন বিভাগ। একই এলাকায় মার্কিন পর্বতারোহী রোনাল্ড ইয়ারউডও মারা গেছেন। এছাড়া অপর এক অস্ট্রেলীয় পর্বতারোহী এভারেস্টের তিব্বতের দিক দিয়ে উঠতে গিয়ে মারা গেছেন বলে তিব্বত মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ৫৪ বছর বয়সী কুইন্সল্যান্ডের এই বাসিন্দা ৭ হাজার ৫শ’ মিটার উঁচুতে উঠার পর উচ্চতাজনিত অসুস্থতায় ভুগতে শুরু করেন। তিনি পর্বত থেকে নেমে আসার চেষ্টাকালে মারা যান।
IMG1
চতুর্থ পর্বতারোহী শনিবার থেকে নিখোঁজ রয়েছেন। পর্বতশৃঙ্গে ওঠার কিছুক্ষণ পরই তিনি নিখোঁজ হন। তার নেপালি গাইডকে ৪ নম্বর ক্যাম্পে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। এছাড়া, ব্রিটেনের পর্বতারোহী টিম মোসডেল এ সপ্তাহের শুরুতেই এভারেস্টের চূড়ায় ওঠার পর প্রথম আবিষ্কার করেন যে হিলারি স্টেপ ধসে পড়েছে। বেজ ক্যাম্পে নামার পর নিজের ফেসবুক পাতায় তিনি লিখেছেন তার অভিজ্ঞতার কথা। হিলারি স্টেপ ধসে পড়ায় এভারেস্টের চূড়া পর্যন্ত যাওয়া আরো বিপদজনক হয়ে উঠবে বলে পর্বতারোহীরা উদ্বেগ প্রকাশ করছেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু