লামায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ১

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের সাঙ্গু মৌজার গয়ালমারায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে পাহাড়ি সন্ত্রাসীদের গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। সোমবার দুপুরে গোলাগুলির ঘটনা ঘটে। সন্ত্রাসীদের সহযোগিতা করায় ৪ জনকে আটক করা হয়েছে। নিহত ও ধৃতদের পরিচয় জানা যায় নি। আইন-শৃঙ্খলা বাহিনী স্থানটি ঘিরে রেখেছে এবং থেমে থেমে গুলি বিনিময় হচ্ছে বলে জানা গেছে।
 
স্থানীয় অধিবাসী ও ইউপি সদস্য মো. নাছির উদ্দিন জানিয়েছেন, দীর্ঘদিন ঘরে সাঙ্গু মৌজার গয়ালমারা, ত্রিশডেবা এলাকার গহীন অরণ্যে সন্ত্রাসীরা আস্তানা গড়ে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি চালিয়ে আসছে। গয়ালমারা ও ত্রিশডেবা এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ব্যক্তিমালিকানাধীন একটি রাবার বাগানে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের আইন-শৃঙ্খলা ঘিরে রেখেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 
 
সোমবার দুপুরে সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়ে অভিযান চালায় সেনাবাহিনী। গোয়েন্দা সূত্রে জানা গেছে, মিয়ানমার সীমান্তবর্তী গহীন অরণ্য গয়ালমারা এলাকায় জেএসএস, টিএলপিডি ও মিয়ানমারের এএলপির অস্ত্রধারী সন্ত্রাসীরা পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করতে একটি রাবার বাগানে গোপন বৈঠকে বসে। সোমবার দুপুরে সন্ত্রাসীরা সেনাবাহিনী ও বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। তবে নিহত ও ধৃতদের বিষয়ে নিরাপত্তা বাহিনী এবং পুলিশের পক্ষ থেকে বক্তব্য পাওয়া যায় নি। 
 
ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকির হোসেন মজুমদার জানিয়েছেন, গয়ালমারার গহীন অরণ্যে সেনাবাহিনী ও বিজিবির সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা চলছে। কাগজি খোলা পুলিশ ফাঁড়ির আইসি মশিউর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিজিবি পৌঁছেছে। 
 
ইত্তেফাক/এমআই