মেক্সিকোয় খ্রিস্টান তীর্থগামী বাস খাদে, নিহত ১৭

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস রাজ্যে রবিবার চার্চের একদল লোককে নিয়ে যাওয়ার সময় একটি বাস গভীর গিরিখাতে পড়ে যায়। এতে অন্তত ১৭ জন নিহত ও অপর ৩১ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
 
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেসামরিক নিরাপত্তা বিভাগের স্থানীয় এক কর্মকর্তা জানান, বাসটি গুয়াতেমালা সীমান্তের কাছে মোতোজিন্তলা অঞ্চলের কাছে ৯০মিটার গভীর একটি গিরিখাতে পড়ে যায়। স্থানীয় পুলিশ জানায়, বাসটিতে সেভেনথ ডে অ্যাভেন্টিস্ট চার্চের সদস্যরা ছিল। এরা প্রশান্ত মহাসাগরীয় শহর পিজিজিয়াপানে কিছুদিন নির্জনবাসের পর ফিরে আসছিলেন।
 
গাড়িটিতে যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে ফেডারেল হাইওয়ে পুলিশ জানিয়েছে। হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির