বাগেরহাটের শরণখোলার বনসংলগ্ন চালিতাবুনিয়া গ্রাম থেকে প্রায় ১০ ফুট লম্বা আরো একটি অজগর সাপ উদ্ধার হয়েছে।
সোমবার সকালে ওই গ্রামের সেলিম হাওলাদারের মুরগির ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। বিকেল ৩টার দিকে সুন্দরবনে অজগরটি অবমুক্ত করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে হাস-মুরগির অস্বাভাবিক ডাকাডাকি শুনে বাড়ির লোকজন ঘরের দরজা খুলে অজগরটি দেখতে পান। পরে খবর পেয়ে টাইগার টিমের ভিটিআরটি সদস্য মো. সরোয়ার হোসেন স্থানীয়দের সহায়তায় সাপটি ধরে বনবিভাগের কাছে হস্তান্তর করেন। অজগরটি একটি হাস, তিনটি হাসের বাচ্চা ও তিনটি মুরগির বাচ্চা খেয়েছে বলে গৃহকর্তা সরোয়ার হোসেন জানান।
এর আগে গত ১৯ মে পার্শ্ববর্তী খুড়িয়াখালী গ্রামের ফুলমিয়া হাওলাদারের গোয়াল ঘর থেকে ১৪ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
ইত্তেফাক/ইউবি