মিরপুরের দুটি ইউনিয়ন পরিষদে আজ নির্বাচন

সকল প্রস্তুতি সম্পন্ন। আজ ২৩ মে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১ নং চিথলিয়া ও ১৩ নং ধুবইল ইউনিয়ন পরিষদের নির্বাচন।

২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৫৮ জন ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৯ জন প্রার্থী রয়েছেন। প্রথমবারের মত দলীয় প্রতীকে এ নির্বাচন হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

এ নির্বাচনকে সামনে রেখে ওই দুই ইউনিয়নবাসীর মধ্যে একদিকে সাজ সাজ রব বিরাজ করছে অন্যদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা তা নিয়েও শঙ্কা রয়েছে।

উভয় ইউনিয়নে ১৮ কেন্দ্রে ভোট গ্রহণ হবে। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে শতভাগ ভোট কেন্দ্রই ঝুকিপূর্ণ বলে জানানো হয়েছে।

চিথলিয়া ইউনিয়নঃ চিথলিয়া ইউনিয়নে ১১ হাজার ১শ’ ৬৬ জন ভোটারের মন জয় করতে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। এরা হলেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবলু (নৌকা), ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান (মশাল), ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস (ধানের শীষ), আওয়ামীলীগের বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন পিস্তুল (আনারস), উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী (অটোরিক্সা), বর্তমান চেয়ারম্যানের ভাই স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (চশমা)।

ধুবইল ইউনিয়নঃ ধুবইল ইউনিয়নে ১১ হাজার ৮শ’ ৯৯ জন ভোটারের মন জয় করতে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী ভোট যুদ্ধে মাঠে নেমেছেন। এরা হলেন উপজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বর্তমান চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন (নৌকা), ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল আজিজ (হাতপাখা), জাসদের আব্দুল আওয়াল (মশাল) ও তার ভাই স্বতন্ত্র প্রার্থী  আব্দুল গণি (আনারস)।

ইত্তেফাক/নূহু