মেয়েটির বয়স মাত্র ১২ বছর। দু’টি পা নেই। দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে মাটিতে বসানো পুতুলের মতো দেখায়। তা সত্ত্বেও তার নাচ মুগ্ধ করেছে হাজার হাজার মানুষকে। তার নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। শিশুটির নাম, জিয়াং জিয়াং সি। চীনের জিয়াংসু প্রদেশের বাসিন্দা সে।
২০১০ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় গুরুতর জখম হয় সে। রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকেরা ছোট্ট জিয়াংয়ের প্রাণ বাঁচাতে সক্ষম হলেও পুরোপুরি কেটে ফেলতে হয় তার দু’টি পা। কিন্তু পা হারালেও মনোবল হারায়নি শিশুটি। গত চার বছর ধরে সে প্রশিক্ষণ নিচ্ছে তার ছোটবেলার স্বপ্ন পূরণের লক্ষ্যে।
সেই স্বপ্ন হচ্ছে ব্যালে ড্যান্সার হওয়ার স্বপ্ন। ইতিমধ্যেই তার দেশের বিভিন্ন প্রান্তে নৃত্য পরিবেশন করেছে সে। শিশুটি জানিয়েছে, সে যখন নৃত্য পরিবেশন করে তখন সে ভুলেই যায় যে তার দু’টি পা নেই। ইন্টারনেট দুনিয়ায় সে পরিচিতি পেয়েছে ‘ডান্সিং এঞ্জেল’ নামে।
ঘুম থেকে ওঠার পর থেকে ঘুমোতে যাওয়ার পর্যন্ত যাকে শুধুই প্রতিকূলতার সম্মুখীন হয়ে হয় প্রতিদিন, সেই জিয়াং এখন মনোবল নিয়ে বাঁচতে শেখাচ্ছে হাজার হাজার মানুষকে। -ডেইলি মেইল
ইত্তেফাক/নূহু