আড়াইহাজারে মাদক ব্যবসায়ী স্বামীর হাতে স্ত্রী খুন

 
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক ব্যবসায়ী স্বামীর  হাতে  সুমনা (৩৫) নামের এক  স্ত্রী খুন হয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার উলুকান্দি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বামী জাকির হোসেনকে আটক করেছে।
 
গোপালদী ফাঁড়ি ইনচার্জ আহসান উল্লাহ জানান, উলুকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত শুক্কুর আলীর ছেলে জাকির একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে তার দ্বিতীয় স্ত্রী সুমনার সহযোগিতায় ইয়াবা বিক্রি করত। মাদক ব্যবসা নিয়ে প্রতিদিনই তাদের ঘরে ঝগড়া হতো।
 
মাদক বিক্রির টাকা নিয়ে  জাকির তার স্ত্রীকে বিকাল থেকে মারধর করছিল। এক পর্যায়ে গামছা দিয়ে পেঁচিয়ে বটি দিয়ে কুপিয়ে স্ত্রী সুমনাকে হত্যা করে। খবর পেয়ে এলাকাবাসী এসে হত্যাকারী জাকিরকে আটক করে পুলিশে সোপর্দ করে।
 
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/মোস্তাফিজুর/আনিসুর